সৌদি প্রবাসীদের যুদ্ধ সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশে দূতাবাসের নিষেধাজ্ঞা

ঢাকা, ১ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ছবি বা ভিডিও প্রকাশ না করতে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
বুধবার ১ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।
দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিশেষ সতর্কতা জারি করেছে।
এতে উল্লেখ করা হয়েছে, মিসাইল বা ড্রোন হামলা প্রতিরোধ কিংবা এগুলো ভূপাতিত হওয়ার পর মাটিতে পড়ার দৃশ্য ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কোনো তথ্য, ছবি বা ভিডিও আদান প্রদান বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সৌদি আরবে আইনত দণ্ডনীয় অপরাধ। এমনটি করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব বা এক্সে প্রচার না করার জন্য বলা হয়েছে।
এছাড়া এসব তথ্য নিজেদের মোবাইল ফোনে সংরক্ষণ ও অন্যদের সঙ্গে শেয়ার করা থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এনএন/ ১ এপ্রিল ২০২৬









