সংবিধান সংস্কার আদেশ অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণা’: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৩১ মার্চ – সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তীকালীন সরকারের চরম জাতীয় প্রতারণা বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
তার মতে রাষ্ট্রপতিকে দিয়ে জোরপূর্বক এই আদেশ জারি করানো হয়েছে। এই ঘটনাকে তিনি রাজহংসকে দিয়ে জোর করে স্বর্ণের ডিম পাড়ানোর সাথে তুলনা করেছেন।
মঙ্গলবার ৩১ মার্চ জাতীয় সংসদে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার বিষয়ক বিরোধী দলের একটি মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছেন যে এই আদেশ জারির ক্ষমতা তার নেই তবুও তাকে দিয়ে এটি করানো হচ্ছে। তিনি স্পষ্ট করেন যে ১৯৭৩ সালের পর এ ধরনের আদেশ জারির কোনো সাংবিধানিক এখতিয়ার রাষ্ট্রপতির নেই। তাই এই আদেশের জন্ম সম্পূর্ণ অবৈধ।
অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপকে তিনি একটি প্রতারণার দলিল হিসেবে উল্লেখ করেন। তার দাবি এর মাধ্যমে মূলত সার্বভৌম সংসদের ক্ষমতা খর্ব করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









