মধ্যপ্রাচ্য

পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের ব্যাপক হামলা

রিয়াদ, ৩১ মার্চ – পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী। মঙ্গলবার ভোরে অপারেশন ট্রু প্রমিস ৪ এর ৮৮তম ধাপে এই অভিযান চালানো হয়। আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় শত্রুপক্ষের একাধিক কৌশলগত অবস্থান অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে। বিবৃতি অনুসারে, পারস্য উপসাগরের মাঝামাঝি অবস্থানে থাকা ইসরায়েলি কন্টেইনার জাহাজ এক্সপ্রেস হাফং এর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অবস্থানরত মার্কিন মেরিন সেনাদের একটি গোপন আস্তানায় ড্রোন হামলা চালিয়ে তা পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইরান। জানা যায়, ইরানি ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় ওই সেনারা নিয়মিত সামরিক ঘাঁটির বাইরে আত্মগোপন করে ছিল। এ ছাড়া বাহরাইনের মানামা বিমানবন্দরের কাছে মোতায়েন মার্কিন পঞ্চম নৌবহরের একটি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা এবং কুয়েতের জাবের আল আহমাদ সামরিক ঘাঁটির দুটি উন্নত আর্লি ওয়ার্নিং রাডার আইআরজিসির হামলায় অকেজো হয়ে গেছে।

আইআরজিসি আরও জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুপক্ষের যেকোনো উসকানিমূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে এটি তেহরানের ৮৮তম বড় ধরনের পাল্টা আঘাত। গত সোমবার আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির নিহতের প্রতিশোধ হিসেবে ৮৭তম অভিযানটি পরিচালিত হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি মার্কিন সামরিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোতেও হামলার পরিধি বাড়িয়েছে ইরান।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language