হবিগঞ্জে হোটেল কক্ষ থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

হবিগঞ্জ, ৩১ মার্চ – হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সোনার তরি হোটেল থেকে কামরুল হাসান নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সদর থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল হোটেলের ৪২৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত কামরুল হাসান জেলার মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কামরুল হাসান জনতা ব্যাংকের হবিগঞ্জ শাখায় এজিএম হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি তিনি অবসরে যান। গত এক সপ্তাহ ধরে তিনি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। সোমবার রাতে হোটেলের এক কর্মী তাকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজার ছিদ্র দিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানান, উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এস এম/ ৩১ মার্চ ২০২৬









