মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সিলেটের রেল যোগাযোগ ব্যাহত

মৌলভীবাজার, ৩১ মার্চ – ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।
এ সময় সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই দুর্ঘটনায় সিলেটগামী কয়েকশ যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে এসে ট্রেনটিকে উদ্ধার করার কথা রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি বলেও নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









