টলিউড

শুটিং চলাকালে পানিতে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

কলকাতা, ২৯ মার্চ – পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ভারতের একাধিক গণমাধ্যম।

জানা গেছে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে দিঘার তালসারিতে পানিতে নেমে তলিয়ে যান তিনি। পানিতে তলিয়ে যাওয়ার পর শুটিং সেটের টেকনিশিয়ানরা তাকে দ্রুত উদ্ধার করেন। এরপর তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল। ক্যারিয়ারে প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সফলতা লাভ করে। এরপর তিনি জ্যাকপট, পরান যায় জ্বলিয়া রে, কাগজের বউ ও আকাশ অংশত মেঘলাসহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। মূলধারা এবং বাণিজ্যিক উভয় সিনেমাতেই তার সাবলীল উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন এবং পরবর্তীতে তাদের আইনি বিচ্ছেদ হয়। তাদের সহজ নামে একটি পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি সহজকথা নামে একটি পডকাস্ট শুরু করে নতুন করে আলোচনায় এসেছিলেন প্রতিভাবান এই অভিনেতা।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language