পুরনো দলীয়করণের পথেই হাঁটছে বিএনপি সরকার: এবি পার্টির চেয়ারম্যান

ঢাকা, ২৯ মার্চ – ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জুলাই সনদ এবং তাদের নিজেদের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের নীতি মানছে না বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির বা এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকারের প্রাথমিক কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ক্রমেই পুরনো দলীয়করণ নীতির দিকেই অগ্রসর হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। রোববার বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার এবং জনপ্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বিএনপির ৩১ দফা কর্মসূচির ১৭ নম্বর দফা পাঠ করে তিনি বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কালাকানুন বাতিল এবং কুইক রেন্টাল কেন্দ্রের দুর্নীতি বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তারা ৩১ দফার এক, আট ও নয় নম্বর দফাও শুরুতে রক্ষা করেনি। দেশের বিদ্যুৎ খাত নিয়ে তিনি বলেন বর্তমানে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট হলেও ৩২ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার অবকাঠামো তৈরি করা হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর ৯১ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করা হয়েছে।
নির্বাচনে বড় বড় ঋণখেলাপিরা অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কীভাবে তারা দেশকে এই দুর্নীতি থেকে উদ্ধার করবেন সেই বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। বর্তমান সংসদ কার্যক্রম পর্যবেক্ষণের কথা জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমস্যাগুলোকে প্রাধান্য না দিয়ে যদি অতীতের মতো অহেতুক রাজনৈতিক বিতর্ক নিয়ে সময় নষ্ট করা হয় তবে তারা একটি ছায়া সংসদ তৈরি করতে বাধ্য হবেন।
যারা নির্বাচনে জয়লাভ করতে না পারলেও বিপুল সংখ্যক নাগরিকের সমর্থন পেয়েছেন তাদের নিয়েই এই উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবকে শুধু নাগরিক সমাজ কিংবা রাজনীতিবিদদের নিয়ে বৈঠক করার বদলে সাধারণ ভোক্তাদের সচেতন করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









