জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গলের তিন ডিপোতে বিজিবি মোতায়েন

মৌলভীবাজার, ২৯ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত ও পাচার ঠেকাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলের তিনটি প্রধান ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান যে শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ডিপোগুলোতে নজরদারি উল্লেখযোগ্য হারে জোরদার করা হয়েছে। প্রতিটি ডিপোতে বিজিবির একটি করে সেকশন মোতায়েন রেখে নিয়মিত তদারকি এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল বৃদ্ধি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন এবং আমদানি ও রপ্তানির কাজে ব্যবহৃত যানবাহনের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে যাতে কোনোভাবেই তেল পাচার হতে না পারে। এ সময় তিনি সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









