মধ্যপ্রাচ্য

ইরানি বিশ্ববিদ্যালয়ে হামলার জেরে মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাল্টা আঘাতের হুঁশিয়ারি

তেহরান, ২৯ মার্চ – ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা আঘাত হানা হবে। সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলো থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অন্তত এক কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ২৯ মার্চ দেওয়া এক বিবৃতিতে বিপ্লবী গার্ড এই তথ্য জানায়। তারা জানায়, তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দুটি প্রতিষ্ঠানে হামলার কারণে পশ্চিমা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

তবে হামলার আগে যুক্তরাষ্ট্রকে একটি সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চের মধ্যে মার্কিনিরা যদি আনুষ্ঠানিকভাবে এই হামলার নিন্দা জানায়, তবে পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে ইরান।

বিপ্লবী গার্ড আরও জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে নিন্দা না জানালে হামলার পরিধি কেবল দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বিস্তৃত করা হবে। এছাড়া মিত্রদের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের কাতারে যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় ও নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত। এই প্রতিষ্ঠানগুলো বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language