জাতীয়

তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি, দেশে কোনো সংকট নেই

সংসদ ভবন, ২৮ মার্চ – যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মাঝেও প্রায় দুইশ কোটি টাকা ভর্তুকি দিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে এবং দেশে বর্তমানে তেল সরবরাহে কোনো ধরনের সংকট নেই।

সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ঈদের ছুটির পর বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে দ্বিতীয়বারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে চিফ হুইপ জানান জ্বালানি তেলের চোরাচালান রোধ এবং দাম যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন।

এর পাশাপাশি এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার কারণগুলো অনুসন্ধান করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

নুরুল ইসলাম মনি আরও জানান স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সভায় সরকারি দলীয় সংসদ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান আগামীকাল সংসদ অধিবেশনের পরও সংসদীয় দলের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আজকের বৈঠকে ১৩৩ নম্বর অধ্যাদেশের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তিনি।

এ এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language