আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো ধ্বংসের দাবি ইরানের

আবুধাবি, ২৮ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই হামলায় ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ইরানের দাবি অনুযায়ী এই ডিপোটি মার্কিন সেনাদের সহায়তা কাজে ব্যবহৃত হচ্ছিল। ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে উল্লেখ করেছে যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। একইসঙ্গে মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ব্যবস্থার ডিপোও তাদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল। বিবৃতিতে ডিপোটি পুরোপুরি ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার এক অঘোষিত সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরকালে তিনি জানান যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার লক্ষ্যে দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোতে হামলার তথ্য প্রকাশ করে ইরান।
আমিরাত সফরের আগে সৌদি আরব ভ্রমণ করেন জেলেনস্কি। সেখানে তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তাদের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইরানের ড্রোন হামলা প্রতিহতে ইউক্রেন সহায়তা প্রদান করবে বলে জানা গেছে।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









