কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে ইরান যুদ্ধ: মার্কো রুবিও

ওয়াশিংটন, ২৮ মার্চ – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে ইরান যুদ্ধ কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। তিনি দাবি করেন স্থলবাহিনী মোতায়েন ছাড়াই ওয়াশিংটন তাদের সব কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। ফ্রান্সে জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান যে তারা এই অভিযানে নির্ধারিত সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে বা তার থেকেও এগিয়ে আছেন। যথাসময়ে অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই এটি শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মার্কো রুবিও আরও বলেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যখন এই অভিযান শেষ হবে তখন ইরান সাম্প্রতিক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এর এক প্রতিবেদনে বলা হয়েছে রুবিও জি৭ মিত্রদের জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছে তা আরও দুই থেকে চার সপ্তাহ চলতে পারে। তবে যুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরান যেন জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা।
বিশ্বে মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। রুবিও জানান ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান করেছে এবং কিছু বিষয়ে আলোচনার আগ্রহের ইঙ্গিত দিয়েছে। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আনুষ্ঠানিক কোনো জবাব তেহরান দেয়নি। তিনি নিশ্চিত করেন যে উভয় পক্ষের মধ্যে বার্তা বিনিময় হয়েছে এবং ইরানের পক্ষ থেকে আলোচনার ব্যাপারে আগ্রহ দেখা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে তারা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









