জাতীয়

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ, জ্বালানি সংকট নেই বলছে বিপিসি

চট্টগ্রাম বন্দর, ২৭ মার্চ – ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে যখন চাপের আশঙ্কা তৈরি হয়েছে ঠিক তখনই ১০ হাজার টন ডিজেল এবং ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চীনের প্রতিষ্ঠান ইউনিপেক এই জ্বালানি সরবরাহ করেছে। বৃহস্পতিবার সকালে এমটি গ্রান কুভা নামের এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই ডিজেল ও জেট ফুয়েল নিয়ে জাহাজটি দেশে এসেছে। বর্তমানে দেশে কোনো ধরনের জ্বালানিসংকট নেই বলে তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। বিপিসি সাধারণত সরকারি পর্যায়ে চুক্তি এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেশে জ্বালানি আমদানি করে থাকে।

বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। দেশের মোট চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত আকারে এনে দেশে পরিশোধন করা হয়। বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়। মূলত ভারত চীন ইন্দোনেশিয়াসহ মোট আটটি দেশ থেকে এই পরিশোধিত জ্বালানি দেশে আসে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language