খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩৫ দোকান

খাগড়াছড়ি, ২৭ মার্চ – খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাজারের কাপড়ের গলিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূচনা হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে দীঘিনালা জোনের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সাধারণ মানুষ যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়। টানা দেড় ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ জানান আগুনে জুতো, স্বর্ণ, কাপড় এবং সেলুনসহ মোট ৩৫টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে এই অগ্নিকাণ্ডে অন্তত ৪ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। সব হারিয়ে বহু ব্যবসায়ী এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। এদিকে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর জানিয়েছেন প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
এস এম/ ২৭ মার্চ ২০২৬









