রাজবাড়ী

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

রাজবাড়ী, ২৬ মার্চ – রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়েছে।

বুধবার ২৫ মার্চ অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে এই নোটিশ পাঠান।

নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কি না, তা স্বচ্ছ তদন্তের মাধ্যমে বের করা জরুরি।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী থেকে রাজবাড়ীগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আইনি নোটিশে আহতদের যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবিও জানানো হয়।

অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, সম্পূর্ণ জনস্বার্থে এই নোটিশটি পাঠানো হয়েছে এবং সময়স্বল্পতার কারণে প্রথমে ইমেইলে ও পরে ডাকযোগে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language