পঞ্চগড়ে বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩ দোকান

পঞ্চগড়, ২৫ মার্চ – পঞ্চগড় শহরের টিন পট্টি রোড বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং আরও তিনটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দ্রুত তা নিয়ন্ত্রণে না আনলে পুরো বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে ঘটনাস্থলের পাশেই একটি কাপড়ের মার্কেট থাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখন পর্যন্ত ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বুধবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তার আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৫ মার্চ ২০২৬









