জাতীয়

ঈদের পরেও ঢাকা ছাড়ছেন মানুষ, কমলাপুর স্টেশনে ভিড়

ঢাকা, ২৩ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পরও অনেক মানুষ রাজধানী ঢাকা ছাড়ছেন। ঈদের তৃতীয় দিন সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সড়কের ভোগান্তি এড়াতে এবং নিরাপদ যাতায়াতের আশায় অনেকেই রেলপথে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন।

ঈদের আগে ট্রেনের টিকিট না পাওয়া এবং সড়কপথে দীর্ঘ যানজটের আশঙ্কায় বহু মানুষ ঢাকা ছাড়তে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন তারা পরিবার ও পরিজনের সঙ্গে দেখা করতে বা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে বের হচ্ছেন।

সোমবার সকালে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের প্রচুর উপস্থিতি দেখা যায়। রাজশাহী, খুলনা, জামালপুর ও নীলফামারীসহ বিভিন্ন রুটের যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে আসায় যাত্রীদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়।

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী জয়নাল আবেদীন জানান, ঈদের আগে সড়কে যানজট এবং ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় তিনি তখন ঢাকা ছাড়েননি। এখন কিছুটা স্বস্তিতেই স্ত্রী ও সন্তানকে নিয়ে গ্রামে যাচ্ছেন।

জামালপুরগামী যাত্রী কামরুল ইসলামের অভিজ্ঞতাও প্রায় একই রকম। তিনি জানান, ঈদের আগে ভিড়ের কারণে সন্তান নিয়ে যাতায়াত করা কঠিন ছিল বলে তিনি ঈদের পরের সময়টি বেছে নিয়েছেন। অন্যদিকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাইফুল ইসলাম জানান, ঈদের আগে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে সময়সূচিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তারপরও সড়কের চেয়ে ট্রেন যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক বলে তিনি মনে করেন।

গ্রামের বাড়ি যাওয়ার পাশাপাশি অনেকেই ঈদের ছুটিতে পরিবার নিয়ে ভ্রমণে বের হয়েছেন। পর্যটন গন্তব্যগুলোর ট্রেনেও যাত্রীদের বেশ ভিড় রয়েছে। কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের যাত্রী সুমন আহমেদ জানান, তিনি ঈদের আগে খুলনায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

গতকাল ঢাকায় ফিরে আজ স্ত্রীকে নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন। এছাড়া পুরান ঢাকার বাসিন্দা মোহাম্মদ আমির ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে খুলনা যাচ্ছেন। তিনি পরবর্তীতে কুয়াকাটা যাওয়ার পরিকল্পনাও করেছেন।

সার্বিকভাবে ঈদের তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশন ছিল যাত্রীদের পদচারণায় মুখর। কেউ আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে যাচ্ছেন, আবার কেউবা ছুটির অবসর কাটাতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পাড়ি জমাচ্ছেন।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language