বান্দরবানে পাহাড়ি খাদে পড়ল পর্যটকবাহী বাস, গাছে আটকে প্রাণে বাঁচলেন ৪৪ যাত্রী

বান্দরবান, ২২ মার্চ – বান্দরবানের সুয়ালক এলাকায় একটি পাহাড়ি ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। তবে বাসটি একটি বড় গাছে আটকে যাওয়ায় ভেতরে থাকা ৪৪ জন যাত্রী নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন।
এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বর্ণনামতে বাসটির যাত্রীদের অধিকাংশই ছিলেন পর্যটক। শুধু কয়েকজন স্থানীয় বাসিন্দা ছিলেন। বাসের যাত্রী আল আমিনসহ অন্যান্যরা জানান সাতকানিয়ার হলুদিয়া এলাকা পার হয়ে বান্দরবানের সীমানায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করার পরই বাসটি নিয়ন্ত্রণ হারায়।
এরপর ঢালু পাহাড়ি খাদের দিকে গড়িয়ে যাওয়ার সময় একটি বড় গাছে আটকে বাসের পতন থেমে যায়। যাত্রীদের অভিযোগ চালক অত্যন্ত বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে কয়েকবার সতর্ক করলেও তিনি তা শোনেননি। পাহাড়ি আঁকাবাঁকা পথে বাঁক ঘোরানোর সময় অতিরিক্ত গতির কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন।
বান্দরবান সদর হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন এই ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন পুরান ঢাকার বাসিন্দা ২৮ বছর বয়সী পল্লব দাশ ২৭ বছর বয়সী চিরঞ্জীব সেন এবং ২০ বছর বয়সী প্রিয়তম দাশ।
আহত বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে এই দুর্ঘটনার বিষয়ে জানান চালকের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
বাসটি পাহাড়ি ঢালে গাছে আটকে যাওয়ায় একটি বড় ধরনের প্রাণহানি থেকে যাত্রীরা বেঁচে গেছেন। তবে ঘটনার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।
এ এম/ ২২ মার্চ ২০২৬









