সড়ক দুর্ঘটনা

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজারের বেশি

ঢাকা, ৮ আগস্ট – বাংলাদেশে গত সাড়ে ৬ বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বলে তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এসব দুর্ঘটনায় সড়কে ১৫ হাজার ৭১২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৪ হাজার ১৪৩ জন। নিহতদের বড় একটি অংশই কিশোর ও তরুণ যাদের বয়স ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

শনিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে মোটরসাইকেল দুর্ঘটনার ৩৯.৩০ শতাংশই ঘটেছে ভারী যানবাহনের ধাক্কায় এবং ৩৪.২১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারানোর কারণে। এই পরিস্থিতির জন্য পণ্যবাহী যানবাহনকে সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে এবং কিশোর ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রবণতাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী চার চাকার অন্যান্য যানবাহনের তুলনায় মোটরসাইকেল ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু দেশে গণপরিবহন ব্যবস্থা উন্নত ও সহজলভ্য না হওয়ায় মানুষ মোটরসাইকেল ব্যবহারে বাধ্য হচ্ছেন।

সংস্থাটি জানায় যে প্রধানত বেপরোয়া চালনা ও ট্রাফিক আইন না মানার কারণেই এই দুর্ঘটনা বাড়ছে। এ কারণে মানসম্পন্ন হেলমেট এবং কঠোর আইন প্রয়োগের সুপারিশ করেছে সংগঠনটি।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে যে জাতীয় মহাসড়কে ৩০ শতাংশ এবং আঞ্চলিক সড়কে ৪২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। কিশোর ও যুবকদের মধ্যে অতিরিক্ত গতির প্রতি আকর্ষণ বাড়াতে মোটরসাইকেল বিপণন প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনের ভঙ্গিও প্রভাব ফেলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দুর্ঘটনা রোধে নজরদারি বাড়ানো ও সাশ্রয়ী গণপরিবহন চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এনএন/ ৮ আগস্ট ২০২৬


Back to top button