অভয়নগরে আগুনে পুড়ল তিন দোকান, অর্ধকোটি টাকার ক্ষতির দাবি

যশোর, ২০ মার্চ – যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইলেকট্রিক, হার্ডওয়্যার, পোল্ট্রি, মুদি ও একটি ওষুধের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার ভোরে বাঘুটিয়া ইউনিয়নের এই বাজারে পাশাপাশি থাকা তিনটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হাফিজুরের পোল্ট্রি মুরগি ও মুদির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের মেসার্স হুজাইফা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার এবং শেখ ফার্মেসি নামের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি এই অগ্নিকাণ্ডে তাদের সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মেসার্স হুজাইফা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যারের মালিক রাকিব হোসেন জানান তার প্রায় ৩০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। শেখ ফার্মেসির মালিক মোহাম্মদ সুজা জানান তার দোকানের অর্ধেকের বেশি ওষুধ পুড়ে গেছে এবং দোকানে থাকা ফ্রিজসহ প্রায় ২০ লাখ টাকার ওষুধের ক্ষতি হয়েছে।
এছাড়া পোল্ট্রি মুরগি ও মুদি দোকানের মালিক হাফিজুর রহমান জানান ঈদ উপলক্ষে কেনা এক লাখ টাকার মুরগি এবং তিন লাখ টাকার মুদি মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান ভাটপাড়া বাজারে পাশাপাশি তিনটি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে এবং তিনি সরকারের কাছে ভুক্তভোগীদের জন্য আর্থিক সহায়তার আবেদন করেছেন। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানিয়েছেন খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা পোল্ট্রি মুরগির ঘরে জ্বালিয়ে রাখা বাল্বের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী তিনটি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ১৫ লাখ টাকা। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ এম/ ২০ মার্চ ২০২৬









