ঈশ্বরগঞ্জে চুলার ভেতর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

ময়মনসিংহ, ২০ মার্চ – ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ইফতারের আগমুহূর্তে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে মরিয়ম আক্তার নামের ওই শিশুর মরদেহ পাওয়া যায়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাদ্দাম মিয়া এবং তার ছেলে ইয়াছিন মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর একটার পর থেকে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দিনভর খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীর চুলার ভেতরে তার মরদেহ দেখতে পান। নিহত শিশুর গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, অভিযুক্ত কিশোর ইয়াছিন মাদকাসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতেই সে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তাদের।
নিহত শিশুর মামা হাবিবুর রহমান জানান, ঈদ উপলক্ষে মরিয়মের জন্য নতুন জামা কেনা হয়েছিল। রুপার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিৎকার করায় তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুপার চেইনের জন্যই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
অভিযুক্ত কিশোর ও তার বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এনএন/ ২০ মার্চ ২০২৬









