মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে আটকা বহু জাহাজ, লাফিয়ে বাড়ছে তেলের দাম

ওয়াশিংটন, ১৯ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বিশেষ করে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিরাপত্তার অভাবে হরমুজ প্রণালির বাইরে আটকা পড়েছে কয়েক ডজন বাণিজ্যিক জাহাজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। ওমান উপসাগর থেকে আল জাজিরার প্রতিবেদক ইনজামাম রশিদ জানান, হরমুজ প্রণালি পার হওয়ার জন্য অন্তত কয়েক ডজন জাহাজ সবুজ সংকেতের অপেক্ষায় নোঙর করে আছে।

বর্তমানে এই কৌশলগত ও বিপজ্জনক প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। হরমুজ প্রণালির চারপাশের জলসীমায় এখনো চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ইনজামাম রশিদ আরও জানান, এই সংঘাত শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। এটি একই সাথে জ্বালানি ও অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটিতে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এছাড়া যেসব আরব দেশে মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রয়েছে সেখানেও হামলার ঘটনা ঘটছে। ফলশ্রুতিতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্তত ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাবে বিশ্ববাণিজ্যে চরম অচলাবস্থা এবং জ্বালানির মূল্যে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language