জাতীয়

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

ঢাকা, ১৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতর শুক্রবার নাকি শনিবার উদযাপিত হবে, তা জানা যাবে আজ সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সভায় ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। দীর্ঘ এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন।গতকাল চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ। সেই অনুযায়ী আগামী শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা বেশি।

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language