জাতীয়

ঈদের আগে পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

ঢাকা, ১৮ মার্চ – শবে কদর ও ঈদুল ফিতরের ছুটির মাঝেও তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় সাধারণ ব্যাংক শাখাগুলো বন্ধ থাকবে। তবে পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা রাখা হবে। ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলো বুধবার ও বৃহস্পতিবার সীমিত জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করবে।

একই সাথে রপ্তানি বিল ক্রয় ও বিক্রয় কার্যক্রম চলবে। অন্যদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত খোলা রাখা যাবে। শুধুমাত্র ঈদের দিন এসব শাখা বন্ধ থাকবে। ছুটির দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে এবং দাপ্তরিক কাজ দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকবে। মাঝখানে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বিধি মোতাবেক অতিরিক্ত ভাতা পাবেন।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language