মুন্সিগঞ্জ

ঈদ যাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, তবে নেই যানজট

মুন্সীগঞ্জ, ১৮ মার্চ – পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যাচ্ছে না। এক্সপ্রেসওয়ে দিয়ে সেতু পার হয়ে ঈদের যাত্রায় ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় গাড়ির কিছুটা সংকট রয়েছে। তাই অনেক যাত্রী পদ্মা সেতু এলাকা থেকে খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে ২০০ টাকা ভাড়ায় ট্রাকে উঠে বরিশালের উদ্দেশে যাত্রীরা রওনা হচ্ছেন।

ঈদ সামনে রেখে বুধবার ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। টোল প্লাজায় কিছু সময় গাড়ির জটলা তৈরি হলেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। খুব বেশি অপেক্ষা ছাড়াই টোল দিয়ে সেতু পার হওয়া যাচ্ছে।

এ বিষয়ে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন সকাল প্রায় পৌনে ৯টার দিকে এ প্রতিবেদককে বলেন, পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বেড়েছে, তবে কোনো যানজট নেই। গতকালের মতো আজও একই ধরনের চাপ রয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language