রাজশাহী ও চট্টগ্রামসহ আরও ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

ঢাকা, ১৬ মার্চ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইস উদ্দিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহউপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. মাসউদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আল ফোরকানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, এসব নিয়োগের বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ।
একই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে লটারি প্রথা বাতিল করা হয়েছে এবং এখন থেকে পরীক্ষার ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
এনএন/ ১৬ মার্চ ২০২৬









