দেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুর, ১৬ মার্চ – দেশের কৃষক ও কৃষানিরা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে। জনগণকে সঙ্গে নিয়েই এই সরকার দেশ পরিচালনা করবে।
সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় শাহাপাড়া খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন তিনি কাহারোল থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু হলো। ১২ কিলোমিটার দীর্ঘ শাহাপাড়া খালটির খনন কাজ শেষ হলে এলাকার প্রায় ৩৩ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। এর মাধ্যমে ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং এলাকার সাড়ে তিন লাখ মানুষ নানাভাবে উপকৃত হবেন। এতে এই এলাকায় আগের চেয়ে প্রায় ৬০ হাজার টন বেশি ফসল উৎপাদিত হবে।
খাল খননের পাশাপাশি এর দুই পাড়ে সাত হাজার বৃক্ষরোপণ এবং চলাচলের জন্য রাস্তা নির্মাণের ঘোষণাও দেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, নির্বাচনের আগে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের কথা দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সুদসহ সেই ঋণ মওকুফের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চার কোটি পরিবারের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী মাস থেকে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে বলেও তিনি জানান।
উত্তরাঞ্চলের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় কৃষিপ্রধান এলাকা। এখানকার বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানের জন্য ইপিজেডগুলোতে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপি সরকারকে কৃষকবান্ধব উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের ভাগ্যের উন্নয়ন করা। দেশের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যান্য ঊর্ধ্বতন মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৬ মার্চ ২০২৬









