সুস্থ আছেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান, মৃত্যুর খবরটি নিছক গুজব

ঢাকা, ১৬ মার্চ – জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির পরিচালক রাকিব হাসান সম্পূর্ণ সুস্থ আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবরটি নিছক গুজব বলে নিশ্চিত করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, রাকিব ভাই সুস্থ আছেন। গুজবে কেউ কান দেবেন না। যারা ভুয়া খবর শুনে চিন্তিত হয়ে ফোন বা মেসেজ দিচ্ছেন, তাদের দুশ্চিন্তা না করার অনুরোধ জানানো হচ্ছে।
সবাইকে একসঙ্গে উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে রাকিব হাসান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসেও নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। লাইভে বলা হয়, কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব হাসানের কোনো দুর্ঘটনা ঘটেনি। আপনারা যে কারণে খুব বেশি চিন্তা করছেন, সেটি সম্পূর্ণ ভুল সংবাদ। এটি কীভাবে ছড়াল তা তাদের জানা নেই। লাইভে রাকিব হাসান নিজে বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই বিষয়টি জানার জন্য ফোন করেছেন। সবাইকে তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারিনি।
সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মূলত রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাকিবুল ইসলাম নামের ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু ঘটে। নিহত রাকিবুল ইসলাম পুরান ঢাকার নিমতলি এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে এবং শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনিও একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। নামের মিল এবং একই পেশার কারণে অনেকেই নিহত রাকিবুল ইসলামকে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির রাকিব হাসান ভেবে ভুল করেন, যার ফলেই এই গুজবের সৃষ্টি হয়।
এস এম/ ১৬ মার্চ ২০২৬









