চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেপ্তার

চট্টগ্রাম, ১৫ মার্চ – চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে আলোচিত সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলা হত্যা মামলার অন্যতম আসামি এবং শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা মো. আলভিনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১ বছর বয়সী এই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় গত বছরের পাঁচই নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকারপাড়া মসজিদে মাগরিবের নামাজ শেষে স্থানীয় বিএনপির এক নেতার গণসংযোগ চলছিল। সেই সময় সরোয়ার হোসেন সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা প্রচারণায় অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদের পূর্বপরিকল্পনা ও নির্দেশনায় একদল সশস্ত্র দুর্বৃত্ত সাকিবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান গ্রেপ্তার হওয়া আলভিন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামী চান্দগাঁও এবং পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবন ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
পাশাপাশি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









