প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

জেরুজালেম, ১৫ মার্চ – ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের মিত্র দেশ ইরানকে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তবে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে আত্মরক্ষার অধিকার তেহরানের রয়েছে বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছে সংগঠনটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এটিই প্রথমবার যখন হামাস প্রকাশ্যে ইরানের কোনো অভ্যন্তরীণ নীতি বা সামরিক কৌশল নিয়ে মন্তব্য করল।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের প্রতি গভীর সংহতি প্রকাশ করলেও হামাস নিজেরা প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেওয়ার সরাসরি হুমকি দেওয়া থেকে এখন পর্যন্ত বিরত রয়েছে। শনিবার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তবে ভাতৃত্বের বন্ধন রক্ষার্থে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য ইরানি ভাইদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলের সব জাতির উচিত ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সব দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তেহরান সমর্থিত হামাসের এই আহ্বানকে কূটনৈতিক ও সামরিক দিক থেকে একটি অত্যন্ত বিরল ঘটনা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ইরানে ইসরায়েল ও তার মিত্রদের যৌথ হামলা অব্যাহত রয়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









