থালাপতি বিজয়ের সংসারে টানাপোড়েন, নামের পাশ থেকে বাবার আদ্যাক্ষর সরালেন ছেলে সঞ্জয়

মুম্বাই, ১৫ মার্চ – দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন বর্তমানে বেশ টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে তার পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলেছেন স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম। এই অভিযোগে সঙ্গীতা আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
এবার পারিবারিক এই টানাপোড়েনের মাঝে বাবার সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে জ্যাসন সঞ্জয়। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর সরিয়ে ফেলেছেন।
তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের নামের পূর্বে বাবার নামের আদ্যাক্ষর রাখার যে দীর্ঘদিনের প্রচলন রয়েছে, সঞ্জয় এতদিন তা মেনেই চলতেন। তবে বর্তমানে গুঞ্জন উঠেছে যে, বাবার নামের আদ্যাক্ষর বাদ দিয়ে তিনি এখন মা সঙ্গীতার নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যুক্ত করতে যাচ্ছেন। যদিও সঞ্জয় বা সঙ্গীতা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সঞ্জয় তার বাবাকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে, বিজয় এবং সঙ্গীতার বিবাহবিচ্ছেদের মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। আগামী ২০ এপ্রিল আদালত বিজয়কে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন এবং ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
স্ত্রী সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।
তবে সম্প্রতি নারী দিবসের একটি অনুষ্ঠানে এই বিতর্ক প্রসঙ্গে মুখ খোলেন বিজয়। ভক্ত ও সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, যা রটছে তা নিয়ে অযথা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। সব মিলিয়ে দীর্ঘদিনের এই সুখী দম্পতির বিচ্ছেদের খবর এবং ছেলের এমন কঠোর অবস্থান দক্ষিণী সিনেমা পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









