মধ্যপ্রাচ্য

আমিরাত, বাহরাইন ও কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

তেহরান, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার ইরানের নৌবাহিনী এই অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনীর বা আইআরজিসির নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আবুধাবির আল ধাফরা, কুয়েতের আল আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

তাংসিরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাঙ্ক ছিল এই হামলার মূল লক্ষ্যবস্তু। এদিকে ইরানের খারগ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে আইআরজিসি।

শনিবার আমিরাতকে সতর্ক করে দিয়ে আইআরজিসি বলেছে, দ্বীপে হামলার পর আমিরাতে অবস্থিত গোপনীয় সব মার্কিন আস্তানা এখন তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার বৈধ অধিকার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আশ্রয় নেওয়া মার্কিন শত্রু, তাদের ক্ষেপণাস্ত্রের উৎসস্থল, ব্যবহার করা বন্দর এবং মার্কিন সৈন্যদের আস্তানাগুলোতে তারা হামলা চালাবে।

ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদেরও সতর্ক করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে আমিরাতের জনবহুল সব এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর ও মার্কিন সামরিক স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য সাধারণ বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে আইআরজিসি।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language