মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে তেলের কৌশলগত মজুত ছাড়ার সিদ্ধান্ত জাপানের

তেহরান, ১৪ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়ায় জাপান তাদের কৌশলগত তেল মজুতের একাংশ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে তারা তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় জাপান তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করে থাকে। ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে দেশটি মারাত্মকভাবে অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়ে। ইতোমধ্যে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় টোকিওর দক্ষিণে অবস্থিত জেলে শহর মিসাকিতে সামুদ্রিক খাবার ব্যবসায়ী ও মৎস্যজীবীদের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।
স্থানীয় রেস্তোরাঁর ব্যবস্থাপক এবং মাছ ধরার ট্রলারের কর্মীরা জানিয়েছেন যে জ্বালানির উচ্চমূল্যের কারণে তাদের খাবারের দাম বাড়াতে হবে নতুবা ব্যবসা বন্ধ করে দিতে হবে। জাপান সরকার এই বিষয়ে সতর্ক করে জানিয়েছে মধ্যপ্রাচ্যে বর্তমান এই অস্থিরতা দীর্ঘায়িত হলে তাদের তেল আমদানি আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। সরকারি কর্মকর্তাদের মতে দেশে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এবং জ্বালানি নির্ভরশীল শিল্প কারখানাগুলোকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে শোধনাগারগুলোতে খুব শিগগিরই জরুরি মজুত সরবরাহ করা হতে পারে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬









