বাগেরহাট

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু: গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত আমির

বাগেরহাট, ১৩ মার্চ – বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস এবং বরযাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে ঘটা মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষে বর ও কনেসহ অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।

গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন খুলনা মোংলা মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক বার্তা জানান। শোকবার্তায় তিনি উল্লেখ করেন বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর কনেসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি বলেন যে দিনটি একটি পরিবারের জন্য আনন্দ এবং নতুন জীবনের সূচনার দিন হওয়ার কথা ছিল ঠিক সেই দিনটিতেই এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানি সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।

জামায়াত আমির তার শোকবার্তায় এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন যাতে তিনি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি তাদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।

এ এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language