ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত, উদ্ধারকাজ চলছে

বাগদাদ, ১৩ মার্চ – ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কেসি ১৩৫ রিফুয়েলিং সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযান চলাকালীন এই বিশালাকার জ্বালানি সরবরাহকারী বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয় অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযানে দুটি বিমান যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হলেও অপরটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। সেন্টকম নিশ্চিত করেছে যে শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের বাহিনীর হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। এই বিমান দুর্ঘটনার আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল যে চলমান সামরিক অভিযানে তাদের সাতজন সদস্য নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের হামলার পর এই বিমান দুর্ঘটনা মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে বিধ্বস্ত হওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্গম এলাকা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ধারকাজ অত্যন্ত সতর্কতার সাথে চালানো হচ্ছে। বিমানে থাকা তিন থেকে চারজন ক্রু সদস্যের ভাগ্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক গোয়েন্দা তথ্যে বড় ধরনের বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে।
এস এম/ ১৩ মার্চ ২০২৬









