নওগাঁ
ধামইরহাটে শসা তুলতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু*

নওগাঁ, ১২ মার্চ – নওগাঁর ধামইরহাট উপজেলায় বজ্রপাতে জালাল উদ্দীন নামের ৫৫ বছর বয়সী এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের ভাবির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দীন ওই এলাকার মৃত মোখলেসুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি বিলে শসা তুলতে গিয়েছিলেন কৃষক জালাল উদ্দীন।
সেখানে কাজ করার সময় হঠাৎ তিনি বজ্রপাতের শিকার হন। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরবর্তীতে খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।
এ এম/ ১২ মার্চ ২০২৬









