মধ্যপ্রাচ্য

বিদেশি আহ্বানে বিক্ষোভে নামলে রাষ্ট্রের শত্রু হিসেবে গণ্য করা হবে: ইরান পুলিশ

তেহরান, ১১ মার্চ – চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাধারণ নাগরিকদের সরকারবিরোধী বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই আহ্বানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিদেশি নেতাদের কথায় প্ররোচিত হয়ে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ট্রাম্প ও নেতানিয়াহু ইরানিদের রাস্তায় নামার উসকানি দিচ্ছেন। বিশেষ করে মঙ্গলবার একদিনেই দুটি পৃথক ভিডিও বার্তার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানান। এই প্রেক্ষাপটে ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান কড়া বার্তা দিয়েছেন। দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা শত্রুদের প্ররোচনায় এখন রাস্তায় নামবে তাদের সাধারণ বিক্ষোভকারী হিসেবে দেখা হবে না।

বরং তাদের দেশের শত্রু হিসেবে গণ্য করা হবে। তিনি আরও জানান, বিদেশি শক্তির ইন্ধনে যারা অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ বাড়াতেই ওয়াশিংটন ও তেল আবিব একযোগে এমন প্রচারণায় যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language