নাটোরের নলডাঙ্গায় ৯৯ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

নাটোর, ১০ মার্চ – নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৯৯ পিস ইয়াবাসহ নেওয়াজ শরিফ জনি নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ৫।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নেওয়াজ শরিফ জনি মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং নলডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া তিনি মাধনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন বলে জানা গেছে। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ২ নাটোর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার রাতে নলডাঙ্গা ও সিংড়া সড়কের তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বাড়ির সামনে অবস্থান নেয়।
সেখানে তল্লাশি চালিয়ে ৯৯ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই তাকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান এই ঘটনায় নাটোর র্যাব ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ এম/ ১০ মার্চ ২০২৬









