অভয়নগরে ১২টি ককটেলসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

যশোর, ১০ মার্চ – যশোরের অভয়নগরে ১২টি ককটেলসহ একাধিক মামলার পলাতক আসামি সুলতান গাজীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৬ এর একটি দল।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় মঙ্গলবার র্যাব ৬ এর পুলিশ পরিদর্শক মো. আহসান হাবীব বাদী হয়ে অভয়নগর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সুলতান গাজী সিদ্ধিপাশা ইউনিয়নের আড়পাড়া গ্রামের গফ্ফার গাজীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাউলী গ্রামে সামাদ গাজীর পরিত্যক্ত বাড়িতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এই সময় সেখান থেকে পলাতক আসামি সুলতান গাজীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে লাল রঙের কসটেপ দিয়ে পেঁচানো ১২টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ককটেলসহ গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ এম/ ১০ মার্চ ২০২৬









