মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল

ঢাকা, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের নিজ নিজ দেশের আকাশসীমা বন্ধ রেখেছে। এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশসীমা বন্ধ থাকার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও ১০ মার্চ রাত ১২টার পর আরও ২৬টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ এবং ফ্লাইদুবাইয়ের একাধিক ফ্লাইট। অন্যদিকে এই একই সময়ে মধ্যপ্রাচ্যের কিছু গন্তব্যে ফ্লাইট পরিচালিত হয়েছে এবং আরও কিছু পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে মোট ২৮৩টি ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে। এর পাশাপাশি ১০ মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আরও ৪৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে মাস্কাটগামী ১০টি, সৌদি আরবগামী ২০টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যগামী মোট ৩৩০টি ফ্লাইট পরিচালিত বা পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় মূলত এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যাত্রীদের সম্ভাব্য দুর্ভোগ কমিয়ে আনতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
এস এম/ ১০ মার্চ ২০২৬









