মধ্যপ্রাচ্য

আকাশসীমা লঙ্ঘনে ইরানকে কঠোর সতর্কবার্তা তুরস্কের

তেহরান, ১০ মার্চ – ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তুরস্ক তা মেনে নেবে না এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত দুবার তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছে তেহরানের ক্ষেপণাস্ত্র।

প্রথমবার ৪ মার্চ এবং দ্বিতীয়বার ৯ মার্চ এই ঘটনা ঘটে। উভয় ক্ষেত্রেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোয়ান। টেলিফোনালাপে তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে যুদ্ধে নিরপেক্ষ থাকা সত্ত্বেও তুরস্ক ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। বন্ধুপ্রতিম দেশের ওপর এমন আচরণে কারও স্বার্থ রক্ষিত হবে না উল্লেখ করে তিনি জানান, আঙ্কারা কখনোই এ ধরনের কার্যক্রম সমর্থন করবে না।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। অন্যদিকে তুরস্কের এমন অভিযোগের জবাবে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ওই ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language