পুলিশের পাঁচ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ঢাকা, ৯ মার্চ – বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনস্বার্থে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. তওফিক মাহবুব চৌধুরী, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এবং পুলিশ অধিদপ্তরের টিআর পদে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত থাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আব্দুল আলীম মাহমুদ ও আবু হাসান মুহম্মদ তারিককেও অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
এস এম/ ৯ মার্চ ২০২৬









