সংগীত

লাইসেন্স ছাড়া মদ রাখার মামলা: আসিফ আকবরের যুক্তিতর্ক শুনানি আজ

ঢাকা, ৯ মার্চ – লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমির এজলাসে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্র জানিয়েছে, যুক্তিতর্ক শেষে আজই মামলার রায় ঘোষণা করা হতে পারে অথবা রায়ের জন্য নতুন দিন ধার্য করা হতে পারে। এর আগে এই মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত হয়। আদালতে মোট তিনজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার আদালতে সাক্ষ্য প্রদান করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন এবং তার সঙ্গী শাহিনুল ইসলামও সাক্ষ্য দেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। ওই সময় তার অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হয়েছিল। পরবর্তীতে লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় আসিফ আকবরের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।

মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নথিভুক্ত করা হয়েছিল।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language