মাদারীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবার চোখের সামনেই প্রাণ গেল ছেলের

ঢাকা-বরিশাল মহাসড়ক, ৮ মার্চ – ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় এক হেলপার নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার আলমদস্তার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ইসমাইল হোসেন (১৮)। দুর্ঘটনায় নিহতের বাবা ও ট্রাকচালক রাসেল হোসেন এবং অপর ট্রাকের চালক সোহেল কবির (৩৭) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে গাছের গুড়ি বোঝাই একটি ট্রাকের চাকা বিকল হয়ে গেলে সেটি মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে অপর একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ইসমাইল প্রাণ হারান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত ইসমাইল ও তার বাবা রাসেল নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসিন্দা। আহত রাসেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এম ম/ ৮ মার্চ ২০২৬



