ইরানের হামলা: দুবাই বিমানবন্দর সাময়িক বন্ধ, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা

আবুধাবি, ৭ মার্চ – ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে শনিবার দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি অবশ্য কিছুক্ষণ পরই পুনরায় চালু করা হয়েছে। গালফ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলার প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দিকে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২০টির বেশি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি অজ্ঞাত বস্তু দুবাই বিমানবন্দরের কাছে প্রতিরোধ করা হলে নিরাপত্তার স্বার্থে কার্যক্রম স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখার কথা জানিয়েছেন। তবে সরকার নিশ্চিত করেছে যে ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় কেউ আহত হননি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যানুযায়ী, হামলার সময় বেশ কিছু বিমান দুবাইয়ের আকাশে চক্কর দিচ্ছিল। পরে এমিরেটস এয়ারলাইন্স জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল আবার শুরু হয়।
হামলার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে সতর্ক করেছেন যে, তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে ওই দেশগুলো লক্ষ্যবস্তু হবে না।
সৌদি আরব জানিয়েছে, তাদের সেনাবাহিনী প্রিন্স সুলতান এয়ারবেস ও শায়বা তেলক্ষেত্রের দিকে আসা হামলা প্রতিহত করেছে। কুয়েত ও কাতারও অনুরূপ হামলা প্রতিরোধের দাবি করেছে।
অন্যদিকে জর্ডান অভিযোগ করেছে, গত এক সপ্তাহে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
এনএন/ ৭ মার্চ ২০২৬









