জাতীয়

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

ঢাকা, ১ জুলাই – ২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়,

২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে এবং আগ্রহী হজযাত্রীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। হজের পরবর্তী কার্যাবলি যেন সময়মতো সম্পন্ন করা যায়, সেজন্যই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ওই অনুষ্ঠানে অংশ নেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে হজের এই রূপরেখা তুলে দেন।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ হওয়ার পর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। পরবর্তী বছরের ২৮ জানুয়ারি থেকে ভিসা ইস্যু এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

এস এম/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language