ফুটবল

গোল্ডেন বুট নয় এমবাপ্পের লক্ষ্য কেবল বিশ্বকাপ ট্রফি

প্যারিস, ১ জুলাই – কাতার বিশ্বকাপের স্মৃতি ছাপিয়ে আরও একবার গোল করার লড়াইয়ে মুখোমুখি অবস্থানে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। বর্তমান আসরে গোল্ডেন বুটের দৌড়ে সমানে সমান থাকলেও ফরাসি তারকা এমবাপ্পের ধ্যানজ্ঞান জুড়ে রয়েছে কেবল শিরোপা জয়।

সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করে আসরে নিজের মোট গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন এমবাপ্পে। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গোলসংখ্যাও বর্তমানে ছয়। বিশ্বমঞ্চের সর্বকালীন রেকর্ডেও এখন চলছে দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই।

মেসি ২৯ ম্যাচে ১৯ গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করলেও মাত্র ১৮ ম্যাচে ১৮ গোল করে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।

ম্যাচ শেষে গোল্ডেন বুটের লড়াই নিয়ে জানতে চাওয়া হলে এমবাপ্পে জানান, ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলগত সাফল্যই তাঁর কাছে মুখ্য। আগামী ১৯শে জুলাইয়ের ফাইনালে জেতা এবং ট্রফি নিয়ে দেশে ফেরাই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, লিওনেল মেসি আরও গোল করবেন সেটি স্বাভাবিক, তবে তাঁর মনোযোগ কেবল দলের লক্ষ্যের দিকে। নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে এবং ফ্রান্সের মুখোমুখি হবে প্যারাগুয়ে।

শক্তিশালী জার্মানিকে বিদায় করে দেওয়া প্যারাগুয়েকে মোটেও সহজভাবে নিচ্ছেন না এমবাপ্পে। বরং প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে নিজেদের খেলায় আরও উন্নতি আনতে বদ্ধপরিকর এই ফরাসি ফরোয়ার্ড।

এস এম/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language