পঞ্চগড়

জ্বালানি পাচার রোধে বাংলাবান্ধা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও ডগ স্কোয়াড মোতায়েন

বাংলাবান্ধা স্থলবন্দর, ৭ মার্চ – আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে তেল পাচার রোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দরে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

বন্দরের নিরাপত্তা নিশ্চিতে সাধারণ তল্লাশি ও গাড়ির জ্বালানি পরিমাপের পাশাপাশি ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে জেলার ২৮৮ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন শনিবার থেকে চেকপোস্ট স্থাপন করে এই বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু করেছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে নিয়মিত পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।

পণ্য পরিবহনে ব্যবহৃত বিদেশি ট্রাকগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে যেন ভর্তুকি মূল্যের জ্বালানি তেল পাচার না হতে পারে সে লক্ষ্যেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ

বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানিয়েছেন যে সদর দপ্তরের নির্দেশনার আলোকে তাঁরা বাংলাবান্ধা স্থলবন্দরে চেকপোস্ট বসিয়ে আসা ও যাওয়া করা প্রতিটি গাড়ি তল্লাশি করছেন।

বিশেষ করে বন্দরে প্রবেশের সময় এবং বন্দর ত্যাগের সময় ট্রাকগুলোর তেলের পরিমাণ মেপে দেখা হচ্ছে যাতে কেউ দেশ থেকে জ্বালানি তেল অবৈধভাবে নিয়ে যেতে না পারে। এছাড়া সীমান্ত এলাকাগুলোতেও বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এম ম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language