নওগাঁ

নওগাঁয় পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে বাজলো ৭ মার্চের ভাষণ

নওগাঁ, ৭ মার্চ – নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এই প্রথমবারের মতো ওই কার্যালয়ে ভাষণটি বাজানো হলো। শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষণের একটি ভিডিও আপলোড করেন।

আধা মিনিটের ওই ভিডিওতে দেখা যায় নিষিদ্ধঘোষিত দলটির ভাঙা কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকে ভাষণটি বাজছে। তবে মাইকটি কার নেতৃত্বে বা কখন লাগানো হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এবং ঘটনাস্থলে দলের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন। পরবর্তীতে স্থানীয় জনতা মাইকটি খুলে নিয়ে যায় বলে জানা গেছে।

 

এম ম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language