ইরানে স্কুলে হামলায় ১৬৫ শিশুর মৃত্যু: মার্কিন বাহিনীর ওপর সন্দেহের তীর

তেহরান, ৬ মার্চ – দক্ষিণ ইরানের মিনাব শহরে বালিকাদের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় মার্কিন সামরিক তদন্তকারীরা ধারণা করছেন যে এই ঘটনার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রই দায়ী। শুক্রবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন তদন্তকারীরা মনে করছেন ইরানের ওই বালিকাদের স্কুলে হওয়া হামলার নেপথ্যে সম্ভবত মার্কিন বাহিনীর হাত রয়েছে এবং এই হামলায় ১৬৫ জন শিশু প্রাণ হারিয়েছে।
তবে স্কুলে বোমা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জনসমক্ষে আনা হয়নি। তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। প্রসঙ্গত গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে হামলাটি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র দ্বারা পরিচালিত হয়েছে।
জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি জানিয়েছেন ওই হামলায় প্রথমে ১৫০ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। হামলায় নিহত স্কুলছাত্রী ও স্কুলের কর্মীদের স্মরণে ইরানে জানাজার আয়োজন করা হয়। উল্লেখ্য আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।
এস এম/ ৬ মার্চ ২০২৬









